কুড়িগ্রামের নাগেশ্বরীতে ছওয়াব ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে নারীর ক্ষমতায়ন এবং পরিবার উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ নভেম্বর ২০২৫ রোজ শুক্রবার ছওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয়ে শাখা ব্যবস্থাপক জনাব সাব্বির হোসেনের পরিচালনায় সদস্যদের নিয়ে নারীর ক্ষমতায়ন এবং পরিবার উন্নয়ন বিষয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার জেনারেল ম্যানেজার জনাব আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী শাখার ম্যানেজার জনাব মোঃ মাহফুজার রহমান।
কর্মশালায় বক্তারা বলেন আমাদের সমাজে নারীরা আজ বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলীত। পরিবার থেকে নারীদেরকে অবমূল্যায়ন করা হয়। তার মতামত এবং পরামর্শ নেয়া হয় না। তার সম্পদ দেয়া হয় না। তাকে ছোট করে দেখা হয়। বিভিন্নভাবে তাকে বঞ্চিত করা হয়। নারীদেরকে ক্ষমতায়ন করতে হলে তাদেরকে শিক্ষিত হতে হবে। শিক্ষা নারীকে স্বাবলম্বী করে গড়ে তোলে। শিক্ষার মাধ্যমে নারীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আর কর্মসংস্থানের মাধ্যমে নারী ক্ষমতাবান হতে পারে। সেই কারণে আমাদের কন্যা সন্তানদেরকে স্কুলে পাঠাতে হবে। শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ইসলাম ও নারীদেরকে সম্মানিত করেছেন, মর্যাদার আসনে বসিয়েছেন। ইসলামে নারীরা চাকুরী, ব্যবসা সবই করতে পারবে। অতএব আমাদের নারীদেরকে ইসলামের বিধান মেনে চলতে হবে। তাহলে নারী সম্মানিত হবে।
কর্মশালায় পরিবার গঠনেও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সন্তান লালন-পালন, শিক্ষা, স্বাস্থ্য বাল্যবিবাহ, যৌতুকের কুফল বিষয়েও সচেতনতামূলক আলোচনা করা হয়। উল্লেখ্য, এই কর্মশালায় চন্ডিপুর এলাকার প্রায় ৭০ জন নারী উপস্থিত ছিলেন।
