উলিপুরে ছাত্রীকে ধর্ষণ অভিযোগ : মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি:

‎কুড়িগ্রামের উলিপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক রিয়াজুল ইসলাম (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায়।
‎গ্রেপ্তার রিয়াজুল ইসলাম তবকপুর ইউনিয়নের বিবি মরিয়ম রিয়াজুল জান্নাহ হাফেজিয়া আবাসিক মাদ্রাসার পরিচালক ও আদর্শ বাজার সরাইপাড় গ্রামের বাসিন্দা।
‎মামলা সুত্রে জানা গেছে, বিবি মরিয়ম রিয়াজুল জান্নাহ হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ রিয়াজুল ইসলাম গত ৫ অক্টোবর রাতে হেফজা বিভাগের এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরদিন ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার পরিবারকে ঘটনাটি জানান। এরপর গত ১২ অক্টোবর ওই শিক্ষককে চিলমারীতে আটক করে জিজ্ঞাসা করলে সে ঘটনার কথা স্বীকার করেন। খবর পেয়ে চিলমারী থানা পুলিশ ওই শিক্ষককে উদ্ধার করে থানা হেফাজতে নেন। পরে ওই ছাত্রীর পিতা চিলমারী থানা পুলিশের সহায়তায় আসামিসহ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উলিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
‎এ বিষয়ে সোমবার সন্ধ্যায় উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক রিয়াজুল ইসলামকে আসামি করে ওই ছাত্রীর পিতা মামলা করেছেন। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
Share Button