১৫ বছর ধরে পুজো মণ্ডপে দর্শকদের মুগ্ধ করে চলেছেন মোহাম্মদ দ্বীপ

 

প্রতি বছরের মতো এবছরও লন্ডনের দুর্গোৎসবে নানা পুজো মণ্ডপে একক নৃত্য ও নাট্য পরিবেশনা নিয়ে ব্যস্ত সময় কাটালেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপ।

 

গত ১৫ বছর ধরে লন্ডনের বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপে তাঁর নৃত্য ও নাট্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে আসছে। জনপ্রিয়তার কারণে প্রতিবছরই বিভিন্ন সংগঠন থেকে বিপুল সংখ্যক আমন্ত্রণ পেলেও সময়ের সীমাবদ্ধতার কারণে সব অনুষ্ঠানে অংশ নিতে পারেন না তিনি।

 

এ বছর ষষ্ঠীতে দ্বীপ একক ক্ল্যাসিক্যাল নৃত্য পরিবেশন করেন মেনর পার্ক দ্য হিন্দু সোসাইটির পুজো মণ্ডপে। সপ্তমীর রাতে শ্রী হরি এসোসিয়েশন-এর আয়োজনে পরিবেশন করেন একক রবীন্দ্রীয় নৃত্য। অষ্টমীতে তিনি একক ক্ল্যাসিক্যাল নৃত্য পরিবেশন করেন ইউনাইটেড হিন্দু এসোসিয়েশন-এর মণ্ডপে।

 

মহানবমীতে তাঁর পরিচালনায় মঞ্চস্থ হয় জনপ্রিয় নাটক ‘মহিষাসুর মর্দিনী’, যা তিনি এবছর চতুর্থবারের মতো উপস্থাপন করেন। নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং প্রশংসা কুড়ায়।

 

মোহাম্মদ দ্বীপ বলেন, “ লন্ডনের পুজো মণ্ডপগুলোতে নাচ ও নাটকের মাধ্যমে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া আমার জন্য আশীর্বাদের মতো। সময়ের সীমাবদ্ধতা থাকলেও সবার ভালোবাসাই আমার অনুপ্রেরণা।”

তিনি আরও জানান, ভবিষ্যতে লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশে দুর্গোৎসব উপলক্ষে আরও বড় আকারে নৃত্যনাট্যের আয়োজনের পরিকল্পনা রয়েছে তাঁর।

 

পরিশেষে তিনি সবাইকে দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন।

 

Share Button