কুড়িগ্রামে বন্যার পরিস্থিতি অবনতি : তিস্তার পানি বিপদ সীমার উপরে

জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

দেশের অভ্যন্তরে টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলার নিম্নাঞ্চলের ঘরবাড়ি, সড়ক ও ফসলি জমি প্লাবিত হয়েছে।

কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। ঘরবাড়ি, সড়ক ও আমন ক্ষেতে পানি ঢুকে পড়ায় অন্তত পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
ভুরুঙ্গামারী উপজেলার তালুক শিমুলবাড়ী পয়েন্টে ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেতু পয়েন্টে ধরলার পানি ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেলেও তা এখনও বিপদসীমার নিচে রয়েছে।

অন্যদিকে, ব্রহ্মপুত্রের চিলমারী, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে পানি বৃদ্ধির প্রবণতা দেখা গেলেও তা এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

Share Button