কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে এ বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার কুড়িগ্রাম-০১ আসনের এমপি প্রার্থী হারিসুল বারি রনি।
মিছিল থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়। পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন, গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা, বিশেষ ট্রাইব্যুনালে দায়ীদের বিচারসহ মোট পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।
বক্তারা বলেন, নির্বাচনে স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হলে সরকারকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় মাঠে ময়দানে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, আইএবি সহকারী সেক্রেটারি, মোঃ জুবায়ের হোসেন ,আইএবি সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ফরহাদ হোসেন, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মোঃ ইয়াছিন আলী, সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী শাখার সভাপতি মোঃ আখতারুজ্জামান আব্বাসী সহ অনেকে।
এছাড়াও মিছিলে অংশ নেন উপজেলার ইউনিয়ন, পৌর ও ওয়ার্ড পর্যায়ের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ।
