পরিবেশ দিবস উপলক্ষে নাগেশ্বরীতে র‍্যালি, আলোচনা ও বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার:

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশের (ভাব) আয়োজনে, মালালা ফান্ডের অর্থায়নে এবং গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় একটি র‌্যালি নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়।

র‌্যালিতে নাগেশ্বরী আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় ও নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।

পরে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও একইভাবে রায়গঞ্জ উচ্চ বিদ্যালয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন ও রায়গঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ভাব’র প্রোগ্রাম অফিসার আব্দুল মজিদের সঞ্চালনায় দুই দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মণ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, সহকারী শিক্ষক হাসান ইমাম, শিক্ষার্থী হুমায়রা খাতুন, আতিয়া ফারজানা।

Share Button