কুড়িগ্রামের হাফেজ ডা. ইব্রাহিম এখন বিসিএস স্বাস্থ্য ক্যাডার

কুড়িগ্রাম প্রতিনিধি:

‎কুড়িগ্রামের উলিপুরের কৃতী সন্তান হাফেজ ডা. ইব্রাহিম এবার ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি একাধারে হাফেজে কুরআন, মাদ্রাসার ছাত্র, এমবিবিএস ডাক্তার এবং এখন বিসিএস ক্যাডার।

‎শিক্ষাজীবনের শুরুতে প্রাথমিক পর্যায়েই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন ইব্রাহিম। বালুবাগান হিফজ মাদ্রাসায় মাত্র দেড় বছরে সম্পূর্ণ কোরআন হিফজ করেন। পরে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসায় অধ্যয়নকালে আবারও ট্যালেন্টপুলে বৃত্তি পান। নবম শ্রেণীতে ভর্তি হন ঢাকার ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায়। ২০১১ সালে দাখিল পরীক্ষায় জিপিএ–৫ পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পান তিনি।

‎পরবর্তীতে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে জিপিএ–৫সহ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ইন্টারমিডিয়েট উত্তীর্ণ হন। পরে দিনাজপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। বর্তমানে এফসিপিএস ডিগ্রির জন্যও অধ্যয়ন করছেন তিনি।

‎হাফেজ ডা. ইব্রাহিমের বাবা আলহাজ্ব মাওলানা একে.এম. মোস্তাফিজুর রহমান ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। চার ভাইয়ের মধ্যে ইব্রাহিম দ্বিতীয়। বড় ভাই মিশরের আযহার বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে দেশে মাস্টার্স ও এমফিল করেছেন এবং বর্তমানে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় আরবি প্রভাষক। তৃতীয় ভাইও একই মাদ্রাসায় প্রভাষক (আল-কুরআন) হিসেবে কর্মরত। ছোট ভাই আন্তর্জাতিক হাফেজে কুরআন, বর্তমানে সৌদি আরবের তাবুক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে অনার্সে অধ্যয়নরত।

‎নিজ গ্রামের মানুষের সেবা করার স্বপ্ন ছিল ইব্রাহিমের মায়ের। দীর্ঘ পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হয়েছে।

‎নিজের বক্তব্যে হাফেজ ডা. ইব্রাহিম বলেন, আলহামদুলিল্লাহ, আমার এ পর্যন্ত অর্জন আল্লাহর রহমত ও মায়ের দোয়ার ফল। আমি চাই, আমার জ্ঞান ও যোগ্যতা দিয়ে গ্রামের মানুষের সেবা করতে এবং দ্বীনের খেদমতে দেশ-জাতির কল্যাণে কাজ করতে। দেশবাসীর কাছে আমি দোয়া প্রার্থনা করছি, যেন এ পথে অটল থাকতে পারি।

‎এলাকাবাসীর জানান, আমাদের গ্রামের সন্তান হাফেজ ডা. ইব্রাহিম বিসিএস ক্যাডার হওয়ায় আমরা গর্বিত। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ও পরিশ্রমী ছিলেন। আল্লাহ তাকে আরও বড় খেদমতের তাওফিক দান করুন এই আমাদের দোয়া।

Share Button