গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬৪ হাজার ৭০০ ছাড়াল

নিউজ ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত ৬৪ হাজার ৭৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলুর।

 

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৮টি মৃতদেহ, যার মধ্যে দুটি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে, বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এ সময় আরও ২০০ জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫৯ জনে।

 

বিবৃতিতে আরও বলা হয়, ‘অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’

 

মন্ত্রণালয় উল্লেখ করেছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি হামলায় আরও ১৪ জন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন। এতে চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৯ জনে এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৯১ জনে।

Share Button