সাংবাদিক নির্যাতন মামলায় জামিন নিতে এসে কারাগারে কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন

জাফর আহমেদ,  কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোছা. সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেলা কারাগারে রয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৩ মার্চ গভীর রাতে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদক রাখার অভিযোগে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় সুলতানা পারভীনসহ চারজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে আসামি হিসেবে নাম থাকলেও তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন নেননি। এর ফলে আদালত তাদের পলাতক ঘোষণা করেন। এমনকি হাইকোর্ট তাদের ওকালতনামা ফেরত দিয়ে পোস্টিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারি করেন।
পরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। আদালতের নির্দেশে কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন এখন জেলা কারাগারে রয়েছেন।

Share Button