স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো নাগেশ্বরী ব্লাড ব্যাংকের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (২৯ আগস্ট) সকাল থেকে উপজেলা পরিষদ হলরুমে শুরু হয়ে দিনব্যাপী এ অনুষ্ঠান বিকেল পর্যন্ত চলে। এতে অংশ নেন ব্লাড ব্যাংকের সদস্যসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তারা, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে আয়োজন ছিলো মুক্ত আলোচনা, কুইজ প্রতিযোগিতা, ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা। দিনব্যাপী এই মিলনমেলায় রক্তদাতাদের অবদান তুলে ধরা হয় এবং নতুন প্রজন্মকে মানবিক কাজে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ কাজ। অসহায় মানুষের বিপদের সময়ে বিনামূল্যে রক্ত সরবরাহ করা শুধু মানবিক দায়িত্বই নয়, সামাজিক বন্ধনকেও শক্তিশালী করে। বক্তারা আরও বলেন, নাগেশ্বরী ব্লাড ব্যাংক স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছে, যা এ অঞ্চলের জন্য এক অনন্য দৃষ্টান্ত। এ উদ্যোগকে টেকসই করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
ব্লাড ব্যাংকের সভাপতি রাশেদ আহমেদ এর সভাপতিত্বে এবং সমন্বয় পরিবারের সমন্বয়ক হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, এশিয়ান টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, মাইটিভির উপজেলা প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রবিউল ইসলাম, সভাপতি রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক লিটু মিয়া, উপদেষ্টা ডা. সাইদুল ইসলাম, ছিনাই মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, কুড়িগ্রাম মানবিক সোসাইটির সভাপতি হোসেন আলী প্রমুখ।
