ভুরুঙ্গামারীতে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হস্ত ও কুটির শিল্প কার্যক্রমের উদ্বোধন ‎

কু‎ড়িগ্রাম প্রতিনিধি:

‎প্রান্তিক পর্যায়ের নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে হস্ত ও কুটির শিল্প পণ্য তৈরির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

‎বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের একটি প্রশিক্ষণ কেন্দ্রে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রংপুরস্ বিগ ড্রিম লিমিটেড (আরবিডিএল)-এর উদ্যোগে উদ্যোক্তা তৈরির কার্যক্রমের আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরবিডিএল কুড়িগ্রাম জেলা ম্যানেজার নুরনবী হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরবিডিএলের অ্যাডমিন ডিরেক্টর মোখলেছুর রহমান মুকুল, জেলা ম্যানেজার মফিজুল ইসলাম টুটুল, এ্যারিয়া ম্যানেজার খলিলুর রহমান, প্রশিক্ষক রোমানা বেগম, অডিট অফিসার আব্দুল হালিমসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

‎বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে নারীরা ঘরে বসেই হস্ত ও কুটির শিল্প পণ্য তৈরি করে আয় করতে পারবেন। এতে করে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে নারীরা নিজের পায়ে দাঁড়াতে পারবেন। এই উদ্যোগ সমাজে নারীর অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে বলেও তারা মত দেন।

‎৬০ জন নারীকে প্রশিক্ষণ শেষে তৈরি পণ্য স্থানীয় ও জাতীয় বাজারে বিক্রির সুযোগ তৈরি করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Share Button