সুমন আহমেদ :
দল থেকে সাম্প্রতিক বহিষ্কারের ঘটনায় অবশেষে মুখ খুলেছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, চাঁদাবাজি, দখলবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান লস্কর, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়াকে দল থেকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এই বহিষ্কারাদেশের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রতিক্রিয়া জানান অধ্যাপক তানভীর হুদা। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, দলীয় শৃঙ্খলা, নির্দেশনা এবং দলের ভাবমূর্তির বিষয়ে দলের সিদ্ধান্তকে স্বাগত জানাই। দলের প্রতিটি নেতা-কর্মীর উচিত সাধারণ মানুষের কাছে দলের সুনাম ক্ষুণ্ণ হয় এমন সব কাজ থেকে নিজেকে বিরত রাখা। মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিম্মি নয়। জনগণের পাশে থাকুন, জনগণকে পাশে রাখুন। ধন্যবাদ।
স্থানীয় রাজনীতিতে বহিষ্কারের এ ঘটনা ও তানভীর হুদার মন্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই এটিকে দলের ভেতরে শৃঙ্খলা রক্ষার একটি দৃঢ় পদক্ষেপ হিসেবে দেখছেন। দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য ও শৃঙ্খলা রক্ষায় নেতাদের এমন অবস্থান ভবিষ্যতে দলে ইতিবাচক বার্তা বয়ে আনবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
