দারিদ্র্য জয় করে ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুড়িগ্রামের আলামিন হোসেন

 

মো: লিটন সরকার, রাজিবপুর প্রতিনিধি:

 

কুড়িগ্রামের সীমান্তবর্তী রাজিবপুর উপজেলার এক দরিদ্র পরিবারের সন্তান আলামিন হোসেন ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে (দর্শন বিভাগ) সুপারিশপ্রাপ্ত হয়েছেন। প্রতিকূলতা ও আর্থিক সীমাবদ্ধতাকে জয় করে তিনি এ সাফল্য অর্জন করেছেন, যা অনুপ্রেরণা জোগাবে হাজারো তরুণকে।

আলামিন হোসেন রাজিবপুর উপজেলার একটি অজপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী। সংসারে অভাব থাকলেও শিক্ষার প্রতি তার ছিল অগাধ আগ্রহ ও নিষ্ঠা। নানা রকম কষ্ট, অর্থাভাব এবং সামাজিক চাপের মধ্যেও তিনি শিক্ষাজীবন চালিয়ে যান। নিজের পড়াশোনার খরচ চালাতে অনেক সময়ই টিউশন করেছেন, কখনো কখনো কৃষিকাজেও সহযোগিতা করতে হয়েছে পরিবারকে।

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে দর্শন বিভাগে সফলতার সঙ্গে পড়াশোনা শেষ করার পর তিনি নিজ এলাকায় একটি স্কুলে শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতা পেশায় যুক্ত থাকাকালীন সময়েই তিনি বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। নিরলস পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের ফলে তিনি আজ এই অবস্থানে পৌঁছেছেন।

আলামিন হোসেন বলেন, “জীবনে বড় কিছু পেতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়। আমি বিশ্বাস করি, দারিদ্র্য কোনো বাধা নয়, যদি মনের ইচ্ছা ও শ্রম থাকে।”

স্থানীয়দের মতে, আলামিনের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি রাজিবপুরসহ পুরো কুড়িগ্রাম জেলার জন্য এক গর্বের বিষয়।

এই প্রতিকূলতার মধ্যেও যারা স্বপ্ন দেখে এবং তা পূরণে কাজ করে, আলামিন হোসেন তাদেরই প্রতিচ্ছবি। তার এই সাফল্য প্রমাণ করে দিয়েছে, সংকল্প থাকলে যেকোনো অসম্ভবকেও সম্ভব করা যায়

Share Button