কুড়িগ্রামে আলিম পরীক্ষায় নকলের দায়ে বহিষ্কার ২, অনুপস্থিত তিন শতাধিক

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে তিন শতাধিক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (২৬ জুন) জেলার বিভিন্ন উপজেলার ৫২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হলেও উলিপুরের একটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জেলা প্রশাসনের শিক্ষা শাখার প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি, আলিম ও কারিগরি শাখায় কুড়িগ্রাম জেলায় মোট ১৮ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে এইচএসসি (সাধারণ) শাখায় ১১ হাজার ৪৬ জন, আলিম শাখায় ১ হাজার ৭৫৬ জন এবং কারিগরি (বিএমটি) শাখায় ৬ হাজার ৫৩ জন পরীক্ষার্থী ছিলেন।

তবে পরীক্ষার প্রথম দিনই অনুপস্থিত ছিলেন ৩০১ জন পরীক্ষার্থী। এর মধ্যে এইচএসসি শাখায় ১৮৩ জন, আলিম শাখায় ৭৭ জন এবং কারিগরি শাখায় ৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।

এদিকে, উলিপুর উপজেলার পাঁচপীর কেরামতিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে আলিম শাখার দুই পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) শামসুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন বলেন, “পরীক্ষার্থীদের অনুপস্থিতির কারণ আমরা খতিয়ে দেখছি। ভবিষ্যতের পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।”

Share Button