স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অটোরিকশা চুরির সঙ্গে জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় চুরি হওয়া বেশ কিছু মালামালও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—সোহানুর রহমান, মহসিন আলী সবুজ এবং আজম আলী।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে রাজারহাট থানা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. জুয়েল আলী জানান, থানার মামলা নং-১৪ অনুসন্ধানে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আজম আলীকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে রাত ২টার দিকে অপর দুই আসামিকে আটক করা হয় এবং তাদের দেওয়া তথ্যমতে চোরাই মালামালও উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
