আগামী ২-৩ দিনের মধ্যে বন্যার কবলে পড়তে পারে ৬ জেলা

 

নয়া খবর ডেস্ক:

টানা বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বাড়ার কারণে আগামী ২-৩ দিনের মধ্যে দেশের ছয়টি জেলা বন্যার ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, চট্টগ্রাম বিভাগের মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং ফেনী জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই এবং সোমেশ্বরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং নেত্রকোনা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধির প্রবণতা থাকলেও তিস্তা নদী আপাতত সতর্কসীমার কাছাকাছি থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি উচ্চতার জোয়ার দেখা দিতে পারে।

এদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সাময়িকভাবে কমলেও আগামী তিনদিনে তা আবার বাড়তে পারে, তবে আপাতত বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, “বর্তমানে ছয়টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ যদি কমে যায়, তাহলে পরিস্থিতির উন্নতি হতে পারে।”

Share Button