কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ৫,৬৬২ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে এ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফুজ্জামান দীপ।
চাল বিতরণের প্রথম দিনে ৯টি ওয়ার্ডের বিভিন্ন অংশের উপকারভোগীদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। মোট তিনদিনব্যাপী এই কর্মসূচিতে প্রত্যেক উপকারভোগী নির্ধারিত পরিমাণ চাল পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ বলেন,
” সরকারের সহযোগিতায় আমার ইউনিয়নের প্রায় ৫,৬৬২ জন মানুষকে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাল দেওয়া হচ্ছে। এই চাল বিতরণ কার্যক্রম তিনদিন ধরে চলবে এবং এটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হচ্ছে। কেউ যাতে একাধিকবার চাল না নিতে পারে, তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীরা যেন এই চাল না কেনেন, সেজন্য আমি নিজ উদ্যোগে বাজারে হ্যান্ড মাইক দিয়ে সবাইকে সতর্ক করেছি।”
এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাল বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও তদারকির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
