কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ বকশী সীমান্তে গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে স্থানীয় ৫ বাংলাদেশী কৃষককে মারধর করার বিষয়ে দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার(১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে
উপজেলার বারোমাসিয়া নদীর তীরে ৫০০ গজ অভ্যন্তরে সীমান্তের মেইন পিলারে ৯২৯ সাব পিলারের কাছে গোরুকমন্ডল সীমান্ত নামাটারী আব্দুল্লার বাড়ির উঠানে দুই দেশের মধ্যে পতাকা বৈঠকে এ দুঃখ প্রকাশ করা হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম ও ভারতের পক্ষে ০৩ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার লে.কর্ণেল অমিত শাহ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান,গতকাল শনিবার বিকেলে ভারতের ১৩৮ নারায়নগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গোড়কমন্ডল সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এ সময় ভুট্টা ক্ষেতে কাজ করা বাংলাদেশীরা কৃষকরা তাদের বাঁধা দিলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে তাদের মারধর করে। মারধরের ঘটনায় ৫ বাংলাদেশি আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা বাংলাদেশীরা হলেন, কৃষ্ণানন্দ বকসী গ্রামের ইসরাইল হোসেনের পুত্র মো.শামসুল, খোকা মিয়ার পুত্র জাবেদ আলী, আবুল কাশেমের পুত্র তাজুল ইসলাম , মুকুল মিয়ার পুত্র মো. রিপন ও মো. মান্নানের পুত্র কাশেম আলী।
মারধরের শিকার মো.শামসুল বলেন,’ভারতের ৫ জওয়ান শুন্যরেখা পাড় হয়ে গ্রামে ঢুকে পড়ে। আমি জমিতে কাজ করছি । তারা বলেন এখানে থাকা যাবে না তোমরা চলে যাও। আমি বলি আমার জমিত আমি কাজ করবো না কেন,আপনারা আপনাদের দেশে চলে যান। এরপর বাকবিতন্ডার এক পর্যায়ে তারা আমার শার্টের কলার ধরে মারধর করে।’
স্থানীয় বাসিন্দা রুবেল ইসলাম বলেন,’দুপুরে ভারতের জওয়ানরা বাংলাদেশের ভিতরে আসলে আমরা বাঁধা দেই। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর মারধর করে।’
আরেক বাসিন্দা বেলাল হোসেন বলেন,’বিএসএফরা স্থানীয়দের মারধর করলে আমরা গ্রামবাসী একজোট হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।’
গোরকমন্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার দেলোয়ার হোসেন বলেন,’গ্রামবাসীদের সাথে বিএসএফের মারধরের ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। আমরা গতকাল থেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। ’
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম জানান, স্থানীয়দের অভিযোগ গোড়কমন্ডল সীমান্তের কৃঞ্চনন্দ গ্রামে বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করে বাংলাদেশিদের মারধর করেছে বিএসএফ। আমরা আজ শনিবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি প্রতিবাদ জানালে তারা দুঃখ প্রকাশ করে। ভবিষতে এমনটা ঘটবে না বলেও জানান তারা।
