কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলার কচাকাটা থানা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব পালিত হয়। কচাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ফিতা কেটে উৎসবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা আমির মাওলানা মোঃ এনামুল হক। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে সরকারি বাধার কারণে ছাত্রশিবির তাদের সৃজনশীল প্রকাশনা উপস্থাপন করতে পারেনি। ইসলামি সাহিত্যকে বিভ্রান্তিকরভাবে ‘জিহাদী বই’ হিসেবে উপস্থাপন করা হতো। তবে শিবিরের ছেলেরা এখন শিক্ষার্থীদের কাছে আস্থা ও আদর্শের প্রতীক হয়ে উঠেছে।’
কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান কবির বলেন, শিবিরের এই প্রকাশনা উৎসবে এসে তাদের সৃজনশীলতা দেখে আমি অভিভূত।
উৎসবে ছাত্রশিবিরের সৃজনশীল ও নান্দনিক প্রকাশনা সামগ্রী, বিভিন্ন বই এবং শিক্ষা উপকরণ ছিল। এছাড়া সমর্থক ডেস্ক ও পৃথক রিডিং কর্নার রাখা হয়েছিলো।
কচাকাটা থানা ছাত্রশিবিরের সভাপতি আতিক মাহমুদ বলেন, ‘উৎসবটি ২ ও ৩ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।’ তিনি কচাকাটার ছাত্র সমাজকে উৎসবে এসে বই ক্রয় ও প্রদর্শনীতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা ওলামা বিভাগ সভাপতি মাওলানা হাবিবুর রহমান, কেদার ইউনিয়ন সভাপতি আতাউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কচাকাটা থানা সেক্রেটারি কামরুজ্জামান, ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ সাবেক সভাপতি মাহবুবুর রহমান এবং কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান কবির ও সহকারী শিক্ষকবৃন্দ।
