কুড়িগ্রামে জাতীয় সমাজসেবা দিবসে জেলা পর্যায়ে মানবকল্যাণ বিষয়ক এ্যাওয়ার্ড পেলো ফ্রেন্ডশিপ

কুড়িগ্রাম প্রতিনিধি:

জাতীয় সমাজসেবা দিবস ২০২৫-এ জেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয় কুড়িগ্রামের মানবকল্যাণে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডশিপ’। প্রতিবন্ধী মানুষের কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জেলা পর্যায়ে মর্যাদাপূর্ণ মানবকল্যাণ বিষয়ক এ্যাওয়ার্ড লাভ করেছে সংগঠনটি।

জাতীয় সমাজসেবা দিবস-২০২৫’ উপলক্ষে জেলা সমাজসেবা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে ২ জানুয়ারী (বৃহস্পতিবার) কুড়িগ্রাম সদরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র অফিস চত্বরে এই এ্যাওয়ার্ড বিতরণ করা হয়। কুড়িগ্রাম জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কনসালটেন্ট ডা. মো. আরিফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক হুমায়ুন কবির, বিশেষ অতিথি, ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ন.ম গোলাম মোহাইমেন, জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম পাইকাড়সহ অনেকে।

বক্তারা ‘ফ্রেন্ডশিপ’ এর কার্যক্রমের প্রশংসা করেন এবং সর্বক্ষেত্রে ‘ফ্রেন্ডশিপ’ কে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ফ্রেন্ডশিপ-এর সহকারী প্রকল্প ব্যবস্থাপক মাহফিজুর রহমান রিপন বলেন, মানুষের মৌলিক মানবাধিকার, তথ্য জানার অধিকার, স্বাস্থ্য সেবার অধিকার, নিরাপত্তা এবং ন্যায় বিচার নিশ্চিতকল্পে “ফ্রেন্ডশিপ” এর মাধ্যমে আমরা কুড়িগ্রাম জেলার বিচ্ছিন্ন চরাঞ্চলে বসবাসকারী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। অনুন্নত ও দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে মৌলিক সেবাগুলি থেকে প্রায় বঞ্চিত চরাঞ্চলে বসবাসকারী মানুষের গুণগত জীবন বিনির্মাণ একই সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সম অধিকার, মর্যাদা, স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা, ক্ষমতায়ন, অবাধ ও নির্বিঘ্ন চলাচল এবং সুযোগের সমতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, ফ্রেন্ডশিপ একটি সমাজকল্যাণমূলক, অলাভজনক বেসরকারী উন্নয়ন সংস্থা হিসেবে বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী কেন্দ্রিক চর এবং দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা গুলোতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব অঞ্চলে দুর্গম ও প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে টিকে থাকা হতদরিদ্র মানুষের সার্বিক কল্যাণে “ফ্রেন্ডশিপ” ছয়টি ভিন্ন বিভাগ- স্বাস্থ্য, শিক্ষা, সমন্বিত নাগরিকত্ব, জলবায়ুগত পদক্ষেপ, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, ও সংস্কৃতি সংরক্ষণ এর আওতায় কার্যকর সেবা দানের মাধ্যমে কুড়িগ্রাম জেলার বিচ্ছিন্ন চরাঞ্চলে বসবাসকারী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

Share Button