রংপুরে আম ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ, হোটেল মালিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরে রেস্টুরেন্টের সামনে আম বিক্রির অপরাধে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় চাইনিজ রেস্টুরেন্ট সিসিলির মালিক আলতাফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাকে রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নগরীর সিটি বাজার সংলগ্ন সিসিলি চাইনিজ রেস্টুরেন্টের সামনে মানিক মিয়া নামে এক আম ব্যবসায়ী বাইসাইকেলে করে আম বিক্রি করছিলেন।
গত ৩১ মে দুপুরে রেস্টুরেন্টের সামনে বসে আম বিক্রি করার অভিযোগে হোটেল মালিক আলতাফ হোসেন তাকে মারপিট করেন।
এসময় আশপাশের লোকজন এসে মানিক মিয়াকে উদ্ধার করে তার বাড়ি সদর উপজেলার পালিচড়ায় পাঠিয়ে দেয়। পরদিন মানিক মিয়ার রক্তবমি শুরু হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। এ ঘটনায় মানিক মিয়ার ভাই মাসুম মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ আলতাফ হোসেনকে গ্রেফতার করে।
কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share Button