এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে মোজাফফর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে সাড়ে ৯ টার দিকে বাগভান্ডার বিওপির টহল দল ভূরুঙ্গামারী ইউনিয়নের দলভিটা নামক এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত মোজাফফর কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মাদারগঞ্জ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আসিফুল ইসলাম সিদ্দিকী জানান, বাগভান্ডার বিওপির কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সীমান্ত পিলার ৯৫৭/এমপি এর নিকট দিয়ে দু’জন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। বাংলাদেশের আনুমানিক ৬০০ গজ অভ্যন্তরে ভূরুঙ্গামারী ইউনিয়নের ভোটহাট বাজারে তারা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল । এমন তথ্যের ভিত্তিতে বাগভান্ডার বিওপির নিয়মিত টহল দল ওই দুই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে ওই দু’জন নিজেদের বাংলাদেশী নাগরিক দাবি করেন। বাজারে ওষুধ কিনতে এসেছেন বলে জানান। পরে বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করলে তাদের একজন দৌড়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। এসময় মোজাফফর নামের একজনকে আটক করা হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, বাগভান্ডার বিওপি ভারতীয় এক নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো কার্যক্রম চলছে।
