নিজস্ব প্রতিবেদকঃ
লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (২৬ জুন) ভোরে উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি গ্রামের ৯১৯ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম উপজেলার লোহাকুচি সীমান্ত এলাকার মৃত মঈনউদ্দীনের ছেলে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গভীর রাতে ৪ থেকে ৫ জন বাংলাদেশি লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর সীমানা পিলার দিয়ে ভারতের ভেতরে প্রবেশ করেন। এ সময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮ বিএসএফের ওয়েষ্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নুরুল ইসলাম (৬০)। পরে অন্য সঙ্গীরা রাতের অন্ধকারে তার মরদেহ নিয়ে আসেন।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, খবর পেয়ে নিহত নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ।
তিনি বলেন, ‘এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’
