উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবান বায়তুশ শরফ মসজিদের দ্বিতল ভবন উদ্বোধন করলেন: বীর বাহাদুর উশৈসিং এমপি

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:

জনপ্রতিনিধি ও সবার প্রচেষ্টায় ৬৪ জেলার মধ্যে বান্দরবান শ্রেষ্ঠ জেলায় পরিণত হবে বলে উল্লেখ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং।

শনিবার (১১ মে) সকাল ১১টায় বান্দরবান সদরের বাসস্টেশন এলাকায় বায়তুশ শরফ জামে মসজিদ উদ্বোধন শেষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

বায়তুশ শরফ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও বান্দরবান সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল কুদ্দুছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মো:সামসুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো:ইয়াছির আরাফাত, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক,নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ ফাহিম,বাস-স্টেশন বায়তুশ শরফ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম, প্রথম শ্রেণির ঠিকাদার মো: আবুল কালাম মুন্না, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম রেজা, মহিলা কাউন্সিলর শাহানা আক্তার’সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বীর বাহাদুর উশৈসিং বলেন, একমাত্র বান্দরবান জেলাতেই ১২ জাতিসত্তা জনগণের বসবাস। সবারই রয়েছে নিজেদের প্রার্থনা ঘর। জেলায় শিক্ষা, চিকিৎসা-যোগাযোগ ও আর্থ-সামাজিক অবস্থান তেমন ভালো ছিল না। গত ৩৫ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ইচ্ছা ও জনপ্রতিনিধিসহ সবার প্রচেষ্টায় এখন অনেক উন্নত হয়েছে।

সীমিত সম্পদের মধ্যেও নবনির্বাচিত জনপ্রতিনিধি ও সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে আগামী পাঁচ বছরে দেশের ৬৪ জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে বান্দরবান পরিণত হবে বলে প্রত্যাশা করেন তিনি।

এর আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের অর্থায়নে ৪০ লাখ টাকা ব্যয়ে বান্দরবান বাসস্টেশন এলাকায় নবনির্মিত বায়তুশ শরফ জামে মসজিদের দ্বিতীয় তলা ভবন উদ্বোধন করেন।

Share Button