বান্দরবানে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:

নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস- ২৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ রবিবার জেলা লিগ্যাল এইড কমিটি, বান্দরবান কর্তৃক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪” পালিত হয়েছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় জেলা জজ আদালত, বান্দরবান প্রাঙ্গনে পায়রা এবং বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জনাব অরুন পাল, মাননীয় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি, বান্দরবান পার্বত্য জেলা।

পরবর্তীতে মাননীয় জেলা ও দায়রা জজ মহোদয়সহ বিভিন্ন স্তরের সম্মানিত বিচারকমন্ডলী এবং সরকারের বিভিন্ন বিভাগের জেলা পর্যায়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বান্দরবান সেনা জোন, বিজ আইনজীবীবৃন্দ, জেলা কারাগার, তথ্য অফিস এবং বিভিন্ন এনজিও সমূহের সদস্যদের অংশগ্রহণে একটি র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এ র‍্যালির অন্যতম আকর্ষণ ছিল বান্দরবান জেলার বাঙ্গালীসহ ১১ টি ক্ষুদ্র নৃ- গোষ্ঠির ঐতিহ্যবাহী পোষাক পরিহিত মোট ১২ জন প্রতিনিধির স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ। এছাড়াও ছিল জেলার সিভিল সার্জন অফিস এর সহযোগিতায় স্বাস্থ্য সেবা কর্মসূচী ও ব্লাড গ্রপিং এর বিশেষ ব্যবস্থা।

র‍্যালি পরবর্তীতে বান্দরবান জেলা জজ আদালত সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব অরুন পাল, মাননীয় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি, বান্দরবান পার্বত্য জেলা।

সভাপতি তার বক্তব্য বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু কন্যার আন্তরিক উদ্যোগে সারা বাংলাদেশে দুঃস্থ ও অসহায় মানুষের নিকট আইনি সহায়তার সুবিধা পৌঁছে যাচ্ছে। সরকারের সকল প্রতিষ্ঠান আইনগত সহায়তা কার্যক্রমের অংশীদার। সকলের অংশগ্রহণে সরকারের এই মহতী উদ্যোগ সফল হবে। আইনগত সহায়তা দিবস ২০২৪ এ এই হোক আমাদের সকলের অঙ্গীকার।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রোকেয়া আক্তারসহ বান্দরবান বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ বিচারক এবং ম্যাজিস্ট্রেটবৃন্দ। জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিজ্ঞ জিপি, বিজ্ঞ পিপি, বিজ্ঞ প্যানেল আইনজীবীবৃন্দ, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, বান্দরবান বিচার বিভাগের সকল কর্মচারীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্য এবং সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রোকেয়া আক্তার এবং সঞ্চলনায় ছিলেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন।

Share Button