
ভুরুঙ্গামারী প্রতিনিধি:-
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটির ধাক্কায় বৃদ্ধসহ ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাইকেরছড়া ইউনিয়নের কোম্পানি মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহতরা হলেন পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত নাদু তেলির ছেলে আলহাজ্ব আইজুদ্দিন (৮০) ও অপরজন হলো ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামের জহুরুল ইসলাম এর ছেলে রুবেল মিয়া (১৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (৮ ফেব্রæয়ারি) বিকেল চারটার দিকে আইজুদ্দিন নামের ওই বয়স্ক ব্যক্তি ভূরুঙ্গামারী -সোনাহাট স্থলবন্দর গামী সড়কের একপাশ থেকে অপরপাশে পার হওয়ার সময় ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি তিন চাকার ভটভটির সাথে ধাক্কা লাগে। এসময় তিনি মারাত্মক ভাবে আহত হন। এ ঘটনায় ভটভটিতে থাকা চালকের ছেলে রুবেল মিয়া ভটভটি থেকে ছিটকে নিচে পড়ে যায়। এসময় ভটভটির চাকায় তার দুপা থেতলে যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে পাঠান। আহতদের অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে তাদেরকে রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। পৃথক পৃথক এ্যাম্বুন্সে রংপুর যাওয়ার পথে রাত আটটার দিকে তাদের মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
