মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ২৯জানুয়ারী সকালে শহরের কালাঘাটা সরকারি শিশু পরিবার প্রাঙ্গনে শতাধিক এতিম নিবাসীদের মাঝে এসব শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
জেলা সমাজসেবা বিভাগের কনভেনিং কমিটির সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য তিংতিংম্যা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, রিজিয়ন কমান্ডার, ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান সেনানিবাস। এসময় অন্যান্যদের মধ্যে জোন কমান্ডার এসএম মাহামুদুল হাসান, সেনা রিজিয়নের জিএস২ শায়েখ উজ জামান (জিএসও- ২), সমাজসেবা বিভাগের উপপরিচালক মিলটন মুহুরী, শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক সত্যজিৎ মজুমদারসহ কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন- দূর্গম এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের ভাগ্য উন্নয়নে পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আজকের এই আয়োজন একটি ধারাবাহিক প্রক্রিয়া মাত্র। যাতে করে শিক্ষার্থীরা তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়াও পাহাড়ী এলাকায় তীব্র শীতে শিক্ষার্থীদের শীতবস্ত্র দেয়া হয়েছে। এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।
পরে সরকারি শিশু পরিবারের এতিম নিবাসীসহ রামজাদী, স্বর্ণ মন্দির ও বালাঘাটা অনাথ আশ্রমের ৫শ ৭৭জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন বান্দরবান সেনা রিজিয়ন।
