মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:
ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ অধিকাংশ নিবন্ধিত দল যখন ৭ জানুয়ারি ভোট সামনে রেখে প্রচারে ব্যস্ত, বিএনপি ও সমমনা দলগুলো তখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বানে বান্দরবানে লিফলেট বিতরণ কর্মসূচী পালন করেছে বিএনপি।
২২ডিসেম্বর সকালে শহরের দোকানপাট, ফুটপাতের পথচারী এবং রিকশা-অটোরিকশার চালক ও যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীরা বলেন- অধিকাংশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এ নির্বাচনকে বর্জন করেছে। অবৈধ নির্বাচন কমিশনের অধীনে এ অবৈধ নির্বাচন আমরা মানি না। জনসাধারণ ৭ তারিখের কোনো ভোটে যাবে না। নির্বাচনের দিন বুঝিয়ে দিতে হবে এ সরকার জনগণের সরকার নয়। এ সময় নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে কঠোর আন্দোলনের আহবান জানান বিএনপির নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, সাচিংপ্রু জেরি, জেলা বিএনপির সভাপতি মাম্যাচিংসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
