মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী (কুড়িগ্রাম):
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা। আসন্ন নির্বাচনে ২৬ কুড়িগ্রাম ২ আসনে সংসদ সদস্য (স্বতন্ত্র) পদ প্রার্থী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোঃ হামিদুল হক খন্দকার। তিনি ট্রাক প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্বতন্ত্র এই প্রার্থী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
মঙ্গলবার বিকেলে তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের গেটের বাজার এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ শেষে সেখানে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর সন্ধ্যায় তিনি উপজেলার শাহ বাজার এলাকার সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় শাহবাজার শহীদ মিনার চত্বরে সমবেত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, ‘ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বলে আমি বিশ্বাস করি। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে আমার ট্রাক মার্কায় ভোট দিবেন। এই ফুলবাড়ীতে আমার জন্ম, এখানকার মাটি, আলো বাতাসে আমি বড় হয়েছি। আমি আপনাদেরই সন্তান। আপনারা সবাই আমার জন্য দোয়া / আশির্বাদ করবেন। আপনারা সবাই জানেন কুড়িগ্রাম ২ আসন কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজার হাট উপজেলা নিয়ে গঠিত। যেখানে যাদের আত্মীয় স্বজন আছে তাদের কাছে আমার জন্য ভোট চাইবেন। আমি বিগত দিনে সুখে দুখে আপনাদের পাশে ছিলাম আজীবন পাশে থাকতে চাই। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে আপনাদের ভাগ্য উন্নয়নে তথা কুড়িগ্রামের উন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ’। এরপর সেখান থেকে তিনি গণসংযোগ করতে বড়ভিটা বাজারের উদ্দেশ্যে রওনা দেন।
