মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:
অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মুল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে ১২ডিসেম্বর ২০২৩ উদযাপন উপলক্ষে বান্দরবানে এবার প্রায় ৭৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সুষ্ঠুভাবে শিশুদের ভিটামিন খাওয়ানোর লক্ষ্যে মোট ৮৩১টি কেন্দ্র খোলার কথা জানিয়েছেন বান্দরবানের সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান। ৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত সংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।
বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান। এসময় আরো
উপস্থিত ছিলেন বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ থোয়াই অং চিং মারমা, বান্দরবান সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সা সুই চিং মারমা,সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী,বান্দরবান প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক, অর্থ সম্পাদক প্রবীণ সাংবাদিক মূছা ফারুকী, সাংবাদিক আল-ফয়সাল বিকাশ, সাংবাদিক কৌশিক দাশ গুপ্ত, সাংবাদিক মুহাম্মাদ আলী, সাংবাদিক বিপ্লব চাকমা, সাংবাদিক রতন কুমার দে, শহিদুল ইসলাম, রশিদ আহমদ, সাইফুল, জুয়েলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা ।
সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান বলেন, ১২ডিসেম্বর-২০২৩ ৬ হতে ১২ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ হতে ৫৯ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য ৮২৮ জন মাঠকর্মী, স্বাস্থ্য বিভাগের মাঠকর্মী, এফডাব্লিউএ ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।
