ভূরুঙ্গামারীতে তফসিল বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধ:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জামতলা মোড় থেকে কলেজ মোড়ের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদেরকে বাধা দিয়ে মিছিলের ব‍্যানার ছিনিয়ে নেয়। পরে মিছিলটি জামতলা মোড় থেকে হাসপাতাল রোডের সাদ্দাম মোড় হয়ে পুনরায় জামতলা মোড়ে আসলে আবারো পুলিশের বাধার মুখে পরে। এ সময় বিএনপির নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়েন এবং তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি কাজি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছা সেবকদল, কৃষকদল, শ্রমিকদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Share Button