কুড়িগ্রামে মারামারির মামলায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচি জেসমিন প্রধানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর আগে গত বুধবার (২৭ সেপ্টম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ওয়েব সাইটে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনটি প্রকাশ করে মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতার বিরুদ্ধে জিআর মামলা ৩৩২/২২ এর দন্ডবিধির ৪৪৭/৪৪৮/৩৫৩/৩৩২ ধারায় বিজ্ঞ আদালত তার অপরাধ আমলে নিয়ে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী কুড়িগ্রাম জেলা প্রশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেছেন। সেহেতু কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত পত্রে জানানো হয়।

এ বিষয়ে থেতরাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা বলেন,আমি প্রজ্ঞাপনটি ফেসবুকের মাধ্যমে দেখেছি। এখনো অফিসিয়ালি পাইনি। তবে সাময়িকভাবে বরখাস্ত হওয়ার বিষয়টি ঠিক আছে। এটা ২০২২ সালে তহসিলদারকে মারার কারনে আমার নামে মামলা করা হয়েছিল।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বলেন, বরখাস্ত হওয়ার বিষয়টি শুনেছি। তবে অফিসিয়ালি ভাবে চিঠি পাইনি।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, আমরা এখনো অফিশিয়ালীভাবে প্রজ্ঞাপনটি পাইনি। পেলে এ বিষয়ে বলতে পারবো।

Share Button