স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে রায়গঞ্জ সেতু সংলগ্ন আন্ধারীঝাড় এলাকায় দূর পাল্লার বাস চাপায় এক মোটরসাইকেলে থাকা ৩জন আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এসময় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।
এসময় প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী এনা পরিবহন বেপরোয়া গতিতে যাওয়ার সময় আন্ধারীঝাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ৩জন আরোহীসহ একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়। নিহতরা সকলেই প্রতিবেশী।
তারা হলেন, নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের বাসিন্দা আফতার হোসেনের পুত্র সাগর (১৬), সোহরাব আলীর পুত্র সুমন(১৯) এবং শাহিন (২৫)। এরমধ্যে সুমন মাদ্রাসার ছাত্র, সাগর নাগেশ্বরী টেকনিক্যাল কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং শাহীন কৃষি কাজ করেন।
রামখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বলেন, এর আগেও আমাদের রামখানা ইউনিয়নের এমন ঘটনা ঘটেছে। তাই এর সঠিক বিচার চাই। যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান আশিক বলেন, বাসটি নাগেশ্বরী থানা পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের মৃতদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, ঘাতক চালক পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
