কবি আকিব শিকদার-এর ৩টি কবিতা

আকিব শিকদার

জন্ম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন তারাপাশা গ্রামে, ০২ ডিসেম্বর ১৯৮৯ সালে। প্রফেসর আলহাজ মোঃ ইয়াকুব আলী শিকদার ও মোছাঃ নূরুন্নাহার বেগম এর জ্যেষ্ঠ সন্তান। স্নাতক পড়েছেন শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইন বিষয়ে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে স্নাতক ও স্নাতোকোত্তর। খন্ডকালীন শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু; বর্তমানে কর্মরত আছেন আইয়ূব-হেনা পলিটেকনিক ইন্সটিটিউটে।

কবির বিধ্বস্ত কঙ্কাল (২০১৪), দেশদ্রোহীর অগ্নিদগ্ধ মুখ (২০১৫), কৃষ্ণপক্ষে যে দেয় উষ্ণ চুম্বন (২০১৬), জ্বালাই মশাল মানবমনে (২০১৮) তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। দোলনা দোলার কাব্য (২০২১) তার শিশুতোষ কবিতার বই।

সাহিত্য চর্চায় উৎসাহ স্বরুপ পেয়েছেন “হো.সা.স. উদ্দীপনা সাহিত্য পদক”, “সমধারা সাহিত্য সম্মাননা”, “মেঠোপথ উদ্দীপনা পদক”, “পাপড়ি-করামত আলী সেরা লেখক সম্মাননা” , “উদ্দীপন সাহিত্য-সংস্কৃতি পদক”। লেখালেখির পাশাপাশি সঙ্গীত ও চিত্রাংকন তার নেশা।

অনুকরণে অনুসরণে

রাতের নির্জনে তুমি করাত হাতে নামো রাস্তায়।
গোপনে অন্যের বাগানে চারাগাছ কেটে আসো।
সকালে দেখো, একি! তোমার বাগান
কেটে গেছে অন্য করাত চালক, গোপনে।

গলির মোড়ে ভাতিজা বয়সি ছেলেটা সিগারেট ফোকে।
দেখেও না দেখার ভান করো। অন্যের ছেলে
নষ্ঠ হচ্ছে, তোমার কী!
এদিকে তোমার মেয়েটা দশজন মুরব্বিকে সাক্ষী রেখেই
ছেলেদের সাথে ডলাডলিতে মাতে।
তারা কেন ফেরাবে! তোমার মেয়ে তো তাদের কেউ না…

অথচ, তুমি করাত চালানো স্বরযন্ত্র থামালে
কমে যাবে পৃথিবীর একজন গোপন বৃক্ষনিধক।
সিগারেটখোর ছেলেটাকে ফেরালে
অবক্ষয় থেকে বাঁচবে একটি সন্তান। আর ঠিক তখনই
অনুকরণে অনুসরণে বদলে যাবে সমস্ত পৃথিবী।

ধূলি

আজ মরে দেখো কালকে তোমার
রক্ত মাংস চামড়া ও হাড়
সুঠাম দেহ সুশ্রী চেহারা নখ দাড়ি চুলগুলি
মাটির গ্রাসে ধূলি ধূলি হবে ধূলি।

কত পরিজন, বিশাল উঠান
শানবাঁধা ঘাট বাড়ি আলিশান
এক নিমিষে অন্যের হাতে যাবে সমস্ত চলি
কালক্রমে ধূলি ধূলি হবে ধূলি।

আজ মরে দেখো কালকে তোমার
থাকবে শুধু সৎ-ব্যবহার
মানুষে মানুষে ভালোবাসা-বাসি পরোপকারগুলি
বাকি যা ছিল – ধূলি ধূলি হবে ধূলি।

থাকতে সময় আল্লারে ডাকো
পরজীবনের সঞ্চয় রাখো
সেজদায় পড়ে জায়নামাজে ঠেকাও মাথার খুলি
নাহলে সব ধূলি ধুলি হবে ধূলি।

মাইক্রোফোন চেক; হ্যালো…

হ্যালো… ওয়ান, টু, থ্রি, ফোর….
হ্যালো, মাইক্রোফোন চেক; হ্যালো…
ফুঁ… ফুউউউউ….

ধুত্তুরি ছাই… গণতন্ত্রের কথা বলতে গেলেই
মাইকটা কেমন ঘ্যার ঘ্যার করে। সমাজতন্ত্রের কথা বলতে গেলেই…
হ্যালো… ওয়ান, টু, থ্রি, ফোর…. হ্যালো চেক…

কই…! প্রেমের কথা বলি যখন, শরীর উদাম নারীর কথা বলি যখন,
সব ঠিকঠাক! শুধু কাজের কথা, ক্ষুধার কথা, ন্যায্য দাবী,
শোষণমুক্ত শাসনের কথা বলতে গেলেই…
শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন?
ওয়ান, টু, থ্রি, ফোর…. মাইক্রোফোন চেক; হ্যালো…
ফুঁ… ফুউউউউ….

Share Button