পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের ইসলামপুর এলাকায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ দুঘটনা ঘটে। নিহতরা হলেন-গৃহকর্তা শাহ আলম (৩৮), তার স্ত্রী মনিরা বেগম (৩০), তাদের ছেলে বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)।
শাহ আলম স্থানীয় একটি পোশাক কারখানায় কোয়ালিটি ইন্সপেক্টর পদে এবং তার স্ত্রী মনিরা বেগম একই কারখানায় সুইং অপারেটর পদে চাকরি করতেন। শাহ আলমের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানায়। তার বাবার নাম রহিম মৃধা। শাহ আলম পরিবার নিয়ে ইসলামপুর এলাকায় মো. ইকবাল হোসেন নামে একজনের বাড়িতে ভাড়া থাকতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার অফিসার ইনচার্জ একেএম কাউসার চৌধুরী জানান, স্বামী-স্ত্রী কারখানায় কাজ করেন। রাতে বাড়ি ফিরে ঘরের ভেতর এলপি গ্যাসের চুলায় রান্না করছিলেন স্ত্রী মনিরা বেগম।
একপর্যায়ে গ্যাসের চুলার পাইপ লিকেজ হয়ে আগুন ধরে যায়। আগুন দ্রুত ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা চারজন অগ্নিদগ্ধ ও শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন ও স্থানীয়রা জানান, কারখানা থেকে বাসায় ফিরে মনিরা বেগম রান্না করছিলেন। রাত সাড়ে ৯টার দিকে সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায় এবং মুহূর্তেই আগুন ওই কক্ষ ও পার্শ্ববর্তী আরো দুই কক্ষে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা এবং খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এ সময় ঘরে থাকা চারজনই মারা যায়।
