পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর থেকে অপহৃত দশম শ্রেণী পড়ুয়া দুই শিক্ষার্থীকে অপহরণের এক দিন পর সাভারের আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় অপহৃতের এক সহপাঠীসহ ২ অপহরনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার একটি বাড়ি থেকে অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। অপহৃত উজ্জল খান (১৮) গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৌচাক গ্রামের জসিম উদ্দিন খান এর ছেলে ও মেহেদী হাসান শুভ (১৮) একই এলাকার জহির হোসেন এর ছেলে। তারা স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী।
অপহরণকারী মোঃ মহিন (১৮) বগুড়া জেলার সোনাতলা থানার রানীপাড়া গ্রামের মোঃ ফিরোজ এর ছেলে। সেও একই এলাকায় বসবাস করে শুভ ও উজ্জলের সাথে একই ক্লাসে শ্রেণীতে পড়ে।
অপহৃত দুই শিক্ষার্থী জানায়, গতকাল (মঙ্গলবার) সকালে ৮টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার নিজ বাড়ি থেকে তাদের ফোনে ডেকে নেয় সহপাঠী বন্ধু মহিন।
পরে মহিন বেড়ানোর কথা বলে আশুলিয়ার জামগড়া এলাকায় নিয়ে এসে একটি বাড়িতে তাদের আটকে রাখে। এসময় মহিনের সঙ্গীয় জামগড়া এলাকার হিমেল, মিজানসহ বেশ কয়েক জন তাদের মারধর করে। এক পর্যায়ে মুঠোফোনে তাদের পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরনকারীরা। এঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠানোর সূত্র ধরে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয় পুলিশ। পরে বুধবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার একটি বাসা থেকে তাদের উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ মহিনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, এঘটনায় বুধবার দুপুরে থানায় একটি মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। একই সাথে অপহরণের ঘটনায় জড়িত বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি
