রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ || এলাকাবাসীর বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে জেলা পরিষদের সাবেক সংরক্ষিত নারী সদস্য রাজিয়া সুলতানা (রেনু) ও তাঁর স্বামী ছালাম মাস্টারের বিরুদ্ধে।

এনিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে একটি বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। বিক্ষোভ মিছিলটি বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারীপাড়া এলাকায় এসে শেষ হয়।

বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন, রাজীবপুর সদর ইউপি’র সংরক্ষিত সদস্য রুপবান বেগম, সাবেক ইউপি সদস্য রজব আলী, সদর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফুল মিয়া, স্থানীয় লতিফ বিশ্বাস, মজিবর রহমান, রফিকুল ইসলাম, লুৎফর রহমান, সৈয়দ জামান প্রমুখ।

তাঁরা অভিযোগ করে বলেন, সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে বাউন্ডারী ওয়াল নির্মাণ করেন জেলা পরিষদের সাবেক সংরক্ষিত নারী সদস্য রাজিয়া সুলতানা রেনু ও তার স্বামী ছালাম মাস্টার। এতে আমাদের শতাধিক পরিবার চলাচলের পথ বন্ধ হয়ে যায় এবং পথরুদ্ধ হয়ে পড়েন। এনিয়ে আমরা কয়েকবার রেনু ও ছালামের কাছে রাস্তাটি প্রতিবন্ধগতা না করার জন্য দাবি জানাই। কিন্তু তারা কারও কথা আমলে না নিয়ে প্রভাব খাটিয়ে বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ করতে থাকেন। নিরুপায় হয়ে আমরা বিভিন্ন মহলে বিষয়টি জানাই। তা দেখার জন্য বুধবার বিকেলে সংরক্ষিত ইউপি নারী সদস্য রুপবান বেগমসহ স্থানীয় কয়েকজন মিলে ঘটনাস্থলে যান এবং তাঁরা নির্মিত বাউন্ডারী কাজটি বন্ধ রাখার জন্য অনুরোধ করেন। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মাঝে বাগবিতন্ডা হয় এবং তাঁদেরকে লাঞ্ছিত করেন। এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।

অপরদিকে জেলা পরিষদের সাবেক সংরক্ষিত নারী সদস্য সুলতানা রাজিয়া রেনু ও তার স্বামী ছালাম মাস্টার বলেন, এটা কোনো সরকারি রেকর্ডীয় রাস্তা নয় এবং আমরা দখলও করিনি। আমাদের সীমানা ঘেঁষে বাউন্ডারী ওয়াল নির্মাণ করেছি। কিন্তু এলাকাবাসী জোর করে আমাদের বাউন্ডারী ওয়ালটি ভেঙে ফেলেন। এতে আমরা বাঁধা দিলে তারা হট্টগোলের সৃষ্টি করেন। এনিয়ে আমরা থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, থানা বাউন্ডারী ওয়াল নির্মাণের সময় আমরা জনস্বার্থে তিন ফিট জায়গা ছেড়ে দিয়েছি। তারাও তিন ফিট জায়গা ছেড়ে দেওয়ার কথা। কিন্তু জেলা পরিষদের সাবেক সংরক্ষিত নারী সদস্য রাজিয়া সুলতানা রেনু জায়গাটি ছেড়ে না দিয়ে সীমানা ঘেঁষে বাউন্ডারী ওয়াল নির্মাণ করছেন। এতে এলাকাবাসীর চলাচলে বাঁধাগ্রস্ত হবেন। এনিয়ে একাধিকবার কথা বললেও তিনি মানতে নারাজ। বিষয়টি নিয়ে বুধবার এলাকাবাসীর সঙ্গে হট্টগোলের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এব্যাপারে দু’পক্ষেই লিখিত অভিযোগ দিয়েছেন। রেনু ও তাঁর স্বামী ছালাম কারও কথাই মানছেন না। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

Share Button