স্টাফ রিপোর্র্টার:
অমুক্তিযোদ্ধা তালিকার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানববন্ধন বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধাগণ। মঙ্গলবার বেলা ১২ টায় শহরের বাসস্ট্যান্ড থেকে উপজেলা গেট পর্যন্ত মানববন্ধনে নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভূরঙ্গামারী উপজেলা কয়েকশ মুক্তিযোদ্ধা অংশ নেন। পরে মুক্তিযোদ্ধা সংসদের সামন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে উপজেলা চেয়ারম্যানের কার্যালয় চত্ত¡রে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান বীরবল, ফুলবাড়ী উপজেলার সাবেক কমান্ডার মজিবর রহমান, সাবেক ডিপুটি কমান্ডার মতিয়ার রহমান নান্টু, মুক্তিযোদ্ধা নওশাদ আলী, হযরত আলী প্রমূখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধাগণ অভিযোগ করে বলেন জামুকা টাকার বিনিময়ে রাজাকারের সন্তানদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভূক্ত করছে। সেসব নাম গেজেটে অন্তর্ভূক্ত করার প্রক্রিয়া করছে জামুকা। এর প্রতিবাদ জানান বক্তারা এবং এ তালিকা বাতিলের আবেদন করেন। একই সাথে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বিলুপ্ত ঘোষণা করার জন্য সরকারের প্রতি আবেদন জানান।
জানা গেছে, প্রায় চার বছর আগে নাগেশ্বরীতে নতুন করে মুক্তিযোদ্ধা তালিকা তৈরীর জন্য কমিটি গঠন করা হয়। পরবর্তীতে আবেদনকৃতদের মধ্যে ২২৫ জনকে চুড়ান্ত করে কমিটি। কিন্তু তাদের মধ্যে রাজাকারের ছেলেসহ অমুক্তিযোদ্ধা থাকায় উপজেলার মুক্তিযোদ্ধাগণ অভিযোগ করে। সে সময়ের কমিটির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগও ওঠে। পরে বিষয়টি মিডিয়ায় চলে আসলে তালিকা বাতিল করে জামুকা।
কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে জামুকা ওই তালিকার সবাইকে আবারও ঢাকায় ডেকে সাক্ষাৎকার নেয়ার জন্য। এরপরেই ৪৮জনকে চুড়ান্ত করেছে বলে মুক্তিযোদ্ধারা জানতে পারে। ওই তালিকা গেজেট আকারে প্রকাশের প্রক্রিয়া চলছে বলেও জানান মুক্তিযোদ্ধা। এসব তালিকায় একাধিক রাজাকারের ছেলেসহ অমুক্তিযোদ্ধা রয়েছে অভিযোগ তুলে এ কর্মসূচী নিয়েছেন মুক্তিযোদ্ধারা।
