নয়া খবর ডেস্ক:
দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ কক্ষ থেকে রিক্তা আক্তার (২৩) নামের এক মাস্টার্স পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মে) দুপুরে উপজেলার শিবনগর ইউনিয়নের ফকিরপাড়া গুদাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।
নিহত রিক্তা আক্তার শিবনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার মোশাররফ হোসেনের মেয়ে এবং দিনাজপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স পরীক্ষার্থী।
নিহতের বাবা মোশাররফ হোসেন বলেন, রিক্তা মাস্টার্স পরীক্ষা দিচ্ছে। গত শনিবার দিনাজপুরে পরীক্ষা দিয়ে সে বাড়ি ফিরে। পরে রাতে সবার সঙ্গে খাওয়া-দাওয়া করে নিজ কক্ষে ঘুমাতে যায়। সকালে রিক্তার মা ডাকাডাকি করলে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। দরজা ভেঙে দেখি রিক্তা ফ্যানের সাথে ঝুলছে। দড়ি কেটে তাকে নিচে নামানো হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, চিরকুটসহ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের ফলাফল পেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হবে।
