স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বেচ্ছাসেবী সংগঠন মঈনুল উম্মাহর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের আল-কাওসার মেরিট একাডেমি মাদরাসায় বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যান্ড প্রি ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের আওতাধীন মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে মুসলিম জাতির জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৩ জন শিক্ষার্থী এবং আল কাওছার মেরিট একাডেমির পরিচালক জুনায়েদ হোসাইনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। টেপারকুটি দারুল উলুম মাদরাসার প্রভাষক মাওলানা মো. ইউসুফ আলীর সভাপতিত্বে এবং স্বপ্নরাজ শিল্পীগোষ্ঠির পরিচালক এইচএম ইদ্রিস হোসাইনের সঞ্চালণায় এ সময় বক্তব্য রাখেন কামিল মাদরাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ আজিজুল হক, মঈনুল উম্মাহর প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাদিকুল ইসলাম সোহেল, উপদেষ্টা জাহাঙ্গীর আলম মতি, হাফেজ আব্দুল মান্নান, শাহীন আলম, আহসান হাবিব, মেহেদী হাসান, দুলাল মিয়া মোবাচ্ছের তুহিন, নীরব প্রমুখ।
