কুড়িগ্রাম প্রতিনিধি-
কুড়িগ্রাম পৌর শহরের পুরাতন রেলস্টেশন সংলগ্ন হরিজন পল্লীতে বিয়ে বাড়ীর অনুষ্ঠানে কনের বিদায়কালে গান-বাজনাকে কেন্দ্র করে কনেপক্ষের প্রতিবেশীর ছুরিকাঘাতে বরপক্ষের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে ।
নিহত বরপক্ষের ওই যুবক হলেন গাইবান্ধা জেলার কাচারীবাজার এলাকার প্রদীপ বাশফরের ছেলে রাহুল বাশফর(১৯)। আজ সোমবার সকালে পুরাতন রেলস্টেশন সংলগ্ন হরিজন পল্লীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আসামীকে আটক করেছে পুলিশ
আটককৃত ব্যক্তি হলেন,হরিজন পল্লীর বাসিন্দা জগদীশ বাশফরের ছেলে বিজয় বাশফর(২২)।
বরপক্ষের লোকজন ও স্থানীয়সুত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে গাইবান্ধার কাচারী বাজার এলাকার স্বপন বাশফরের ছেলে রনি বাশফরের সাথে কুড়িগ্রাম সদরের পুরাতন রেল স্টেশন পাড়ার সুমন বাশফরের মেয়ে অন্তরা রানী বাশফরের বিয়ে হয়। বর পক্ষে প্রায় শতাধিক লোক আসেন। সোমবার সকালে বিয়ে বিদায়ের আগে মদ খেয়ে নাচানাচির সময় কনের প্রতিবেশি এক যুবকের সাথে রাহুলসহ কনে পক্ষের কয়েকজনের ধাক্কা লাগলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় উভয় পক্ষের লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিছু পরে স্থানীয় হরিজন সম্প্রদায়ের এক যুবক আকস্মিক ছুটে এসে রাহুলের বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বর পক্ষের আরও কয়েকজন আহত হন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার প্রতক্ষ্যদর্শী বর যাত্রী রুবন বাশফর বলেন, ‘ঘটনার সময় আমি একটু দূরে অবস্থান করছিলাম। সকালের নাচা-নাচির সময় সংঘর্ঘের সুত্র ধরে স্থানীয় এক যুবক বাড়ি থেকে ছুরি নিয়ে এসে রাহুলের বুকে আঘাত করে। এতে সাথে সাথে লুটে পরে রাহুল। সেখানে রাহুলের সাথে থাকা কয়েকজন রাহুলকে বাঁচানোর চেষ্টা করলে তারাও আহত হয়। হামলাকারী ঐ যুবক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। তবে হামলাকারীকে তিনি চিনতে পারেননি।’
কনের বাবা সুমন বাশফর বলেন,’ঘটনার সময় আমি বাড়িতেই ছিলাম। ওইদিকে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নাই। আমি দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খাঁন মোঃ শাহরিয়ার বলেন,”বিয়ে বাড়ীর অনুষ্ঠানে নাচানাচিকে কেন্দ্র করে কনেপক্ষের এক প্রতিবেশীর ছুরিকাঘাতে বরপক্ষের এক যুবকের মৃত্যুর ঘটনায় একটি মামলা হয়েছে । এবং আসামীকে আটক করা হয়েছে।”
