রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুরের বদরগঞ্জে ১৭১ বোতল ফেন্সিডিল সহ একটি নাম্বারবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। তবে মোটরসাইকেল আরোহীকে আটক করতে পারেনি পুলিশ। এঘটনায় বদরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (০৭মে) দুপুরে বদরগঞ্জ-রংপুর রোডের বোর্ডঘরা নামক স্থান থেকে ফেন্সিডিল ও মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান বলেন, এটি একটি বড় মাদকের চালান। দিনাজপুরের ঘোড়াঘাট থেকে এ চালানটি রংপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর বদরগঞ্জ থানা পুলিশ ওই মোটরসাইকেলটিকে ফলো করে। আরোহী তা’ বুঝতে পেরে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সড়ক দুর্ঘটনায় আহত হয়। তবে আহত হলেও সে মোটরসাইকেল রেখে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ ওই মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ১৭১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
