কুড়িগ্রাম প্রতিনিধি:
দেশে কি গরিব মানুষের কেউ নেই? আমরা মিথ্যা মামলায় আসামি হয়েছি। এদিকে তারা বাড়ি সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। এই ভয়ে পরিবারের কেউ বাড়িতে ঢুকতে পারছি না। ঠান্ডার দিন শীতের কাপড়ও নিতে পারি নাই। পরিবারের সবাই বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছি। মিথ্যা মামলা থেকে বাঁচতে সরকারসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এভাবেই সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন মোহাম্মদ আলী নামের এক ব্যাক্তি।
রোববার (২ জানুয়ারি) দুপুরে শহরের কলেজ রোডস্থ ইউনাইটেড প্রেসক্লাব হলরুমে কুড়িগ্রাম পৌর শহরের ভেলাকোপায় ভূমিদস্যু সাইফুদ্দিন এ্যাপোলো কর্তৃক জমি দখল, লুটপাট, বসতবাড়ি উচ্ছেদ, সন্ত্রাসী কর্মকান্ড এবং হয়রানিমুলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এ অসহায় পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম শহরতলির ভেলাকোপা আবাসিক এলাকায় বাণিজ্যিকভাবে ফ্লাওয়ার মিলের অবকাঠামো নির্মাণ করে সাইফুদ্দিন এ্যাপোলা নামের এক প্রভাবশালী ব্যবসায়ী। নির্মাণ কাজ করলেও ওই মিলে প্রবেশের ৩ শতক জায়গাটি একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ রিপন মিয়ার। প্রভাবশালী ওই ব্যবসায়ী রিপন মিয়ার কাছ থেকে জোরপূর্বক তার মালিকানাধীন ৩ শতক জমি কিনতে চাইলে জমি বিক্রিতে অপরাগতা প্রকাশ করে রিপন। ওই জমিটি সাইফুদ্দিন এ্যাপোলো কিনতে না পারায়। জোরপূর্বক রিপনের জমির দখলের চেষ্টা করে। এসময় বাঁধা দিলে কোর্টে পর পর ৭টি মামলা দেন ওই ব্যবসায়ী। এসব মামলার ওয়ারেন্ট ইস্যু হওয়ায় রিপনের পরিবারের সকল সদস্য আত্মগোপনে থাকার সুবাদে গত ২৫ ডিসেম্বর সকালে শহরের চিহ্নিত স্বশস্ত্র শতাধিক সন্ত্রাসীর উপস্থিতিতে জায়গার দখল, লুটপাট, বসতবাড়ি উচ্ছেদ সহ সন্ত্রাসী তান্ডবলীলা চালায় সাইফুদ্দিন এ্যাপোলো গং।
পরে সন্ত্রাসীদের উপস্থিতিতে জমি দখল নিয়ে পাকা বাউন্ডারি দেয়া হয়। ভূক্তভোগী পরিবারটি থানায় এবং ৯৯৯ ফোন করেও কোন প্রতিকার না পেয়ে অবশেষে সাংবাদিকদের স্মরণাপন্ন হয়।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
