স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের কচাকাটা থানায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে বলদিয়া ইউনিয়নের সাধু মোড় এলাকায় কচাকাটা থানা পুলিশ কর্তৃক অভিযান চালিয়ে এ তিন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার গ্রামের আব্দুল হাই ভুট্টোর ছেলে জসীম উদ্দিন ও অন্তর মিয়া। অপরজন একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাসুদ রানা। পুলিশ জানায়, বাড়িতে অনধিকার প্রবেশ, মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে গ্রেফতার ৩ জনসহ ১০জনকে আসামি করে গত ১৮ ডিসেম্বর একটি মামলা করে কেদার ইউনিয়নের বাহের কেদার গ্রামের ইনসাব আলী। এজাহার সূত্রে জানা যায়, মামলার প্রধান অভিযুক্ত বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে সাইফুর রহমান ও তার সহযোগী একই গ্রামের মৃত মছের আলীর ছেলে আমিনুল ইসলাম ইনসাব আলীকে মাদক দ্রব্য দিয়ে ফাঁসাতে গিয়ে আটক হয়। এ ব্যাপারে ২৮ আগস্ট কচাকাটা থানায় একটি মামলা করেন ইনসাব আলী। সেই মামলায় জামিনে এসে মামলা তুলে নিতে মামলার বাদী ইনসাব আলীকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিল অভিযুক্তরা। এরই প্রেক্ষিতে ১৬ ডিসেম্বর বিকেলে ইনসাব আলীর বাড়িতে হামলা করে তার স্ত্রী কুলসুম বেগমকে বেধড়ক মারপিট করে আহত করে বাড়িতে লুটপাট চালায়। আহত কুলসুম ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ জাহেদুল ইসলাম জানান, রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
