কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়িতে বাবার মরদেহ বাড়িতে রেখে গিয়ে এইচএসসি পরিক্ষা দিয়েছে কলেজ ছাত্র মেরাজ হক (১৭)। সে ফুলবাড়ি ডিগ্রি কলেজের বিএম শাখার এইচ এসসি পরিক্ষার্থী এবং উপজেলার বড়ভিটা ইউনিয়নের সদ্য প্রয়াত শরিফুল হক মিল্টন (৪৭) এর ছেলে।
পরিবার জানায়, মেরাজ হকের বাবা বৃহস্পতিবার রাত ৩ টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। এদিকে রাত পোহালেই পরীক্ষা মেরাজের। একদিকে পরীক্ষা অন্যদিকে বাবাকে হারানোর শোকে ভেঙে পড়েন মেরাজ হক। পরে স্বজনদের সান্তনায় কাঁদতে কাঁদতে পরীক্ষা দিতে আসে মেরাজ। পরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে তার বাবার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বৃহস্পতিবার উপজেলার সাইফুর রহমান সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রের ৩ নম্বর কক্ষে বসে হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা দেয় মেরাজ। তার রোল নম্বর ৮৩১৪৪৪। এক হাতে চোখের পানি মুছে অন্য হাতে পরীক্ষার খাতায় লেখে আবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদেও উঠে মাঝে মধ্যে। তাকে সান্তনা দেয় পাশের পরীক্ষার্থী সহপাঠিরা। পরীক্ষা শুরুর কিছু সময়ের মধ্যে তার বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় পুরো কেন্দ্রে নেমে আসে শোকের ছায়া।
সাইফুর রহমান সরকারি কলেজর অধ্যক্ষ ও কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান, পরীক্ষার্থী মেরাজ হকের বাবার মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। তবে তাকে বিশেষ কোনো সুবিধা দেয়া হয়নি। পরীক্ষা দেয়ার জন্য আমরা তাকে উৎসাহ দিয়েছি। সে সবার সাথে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়েছে।
