হাবিবুর রহমান, চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সফল স্বপ্নসারথি মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে স্বজন সমাবেশের আয়োজনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি ও যুগান্তর প্রতিনিধি গোলাম মাহবুবের সভাপতিত্বে, উপজেলা স্বজন সমাবেশের আহব্বায়ক মনিরুল আলম লিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রাশিদুল হক, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক, রেজাউল করিম লিচু, প্রবীন সাংবাদিক আমিনুল ইসলাম লাল মিয়া, আঃ রহিম দুলাল প্রমুখ। বক্তাগণ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, তিনি তার জীবনে ৪০টির উর্ধ্বে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং সেখানে লাখ, লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তার হাতে গড়ে ওঠা প্রতিষ্ঠানসমুহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভা শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, পাত্রখাতা রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আ.আজিজ আকন্দ।
