সেতু থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া যুবকের লাশ দুই দিন পর উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

গেলো ২ দিন আগে কুড়িগ্রাম সদরের ধরলা সেতু থেকে নদীতে লাফ দিয়েছিলো এক যুবক। নিখোঁজ হওয়ার ২ দিন পর ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া ওই যুবক সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালুক কালোয়া গ্রামের রাজমিস্ত্রী আব্দুল মালেকের ছেলে খায়রুল ইসলাম (২২)।

শুক্রবার (৯ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে ধরলা ব্রীজ থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর আজ রোববার (১১ জুলাই) সদরের পাঁচগাছি ইউনিয়নের ভেলাকোপার একটি চর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে খায়রুল ধরলা ব্রীজের উপর থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও লাশের কোন সন্ধান পায়নি। পরে রোববার (১১ জুলাই) দুপুরে স্থানীয়রা পাঁচগাছি ইউনিয়নের ভেলাকোপা এলাকার চরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে কাঁঠালবাড়ী ইউনিয়নের জনপ্রতিনিধিদের সহায়তায় খায়রুলের লাশ সনাক্ত করে।

কাঁঠালবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য আবু বকর সিদ্দিক জানান, খায়রুল একজন মানসিক ভারসাম্যহীন যুবক। আগমনী এলাকায় তার বিয়ের পর সে স্ত্রীর সাথে ডিভোর্স হলে কাচিচর এলাকায় তার দ্বিতীয় বিয়ে হয়। দ্বিতীয় স্ত্রী অন্তঃসত্বা। গত শুক্রবার সে ধরলা ব্রীজ থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হলে আজ পাঁচগাছি ইউনিয়নের ভেলাকোপা এলাকার একটি চর থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহরিয়ার জানান, দুপুরে পাঁচগাছি ইউনিয়নে ভেলাকোপার একটি চরে স্থানীয়রা একটি লাশ দেখে পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। লাশটি ধরলা ব্রীজ থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া যুবক খায়রুলের বলে সনাক্ত করা গেছে।

Share Button