সামান্য বৃষ্টিতেই ফুলবাড়ী বাজারে কাদাপানির ছড়াছড়ি ।। ভোগান্তি চরমে

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

সামান্য বৃষ্টি হলেই নাজেহাল হয়ে পড়ে ফুলবাড়ী বাজারের বিভিন্ন রাস্তাসহ অলি-গলি। এঁবরো-থেঁবরো রাস্তা, রাস্তায় জলাবদ্ধতা, কাদাপানির ছড়াছড়িতে দুর্ভোগ চরমে উঠে যায়। উপজেলা সদরের থানা রোড, কলেজ রোড, হাসপাতাল রোড, চাউল পট্টি সহ বাজারের ভিতরের অলি-গলির বেহাল দশায় নাকাল হয়ে পড়েছে জনজীবন। এমন বেহাল অবস্থায় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন ভোগান্তিতে পড়া মানুষজন।

সরেজমিনে দেখা গেছে, সদ্য নির্মিত থানা রোডের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, সদরের কাঁচা বাজারসহ প্রায় প্রতিটি অলি-গলিতে জলাবদ্ধতা এবং কাদাপানির ছড়াছড়ি। আর হাসপাতাল রোড ও কলেজ রোডের তো আরও করুণ অবস্থা! সড়ক দু’টিতে দীর্ঘদিন হতে ড্রেনের নির্মাণকাজ চলমান থাকায় পাকা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাটি। আর বৈশাখের সামান্য বৃষ্টিতে সেই মাটিতেই সড়কের লেজে-গোবরে অবস্থা। সড়কের অবস্থা এতোটাই খারাপ যে কোন মূমূর্ষ রোগীকে এ সড়কে দ্রুত হাসপাতালে নেওয়ার জোঁ নেই। ফুলবাড়ী শহরের সড়কগুলোর বর্তমান যে অবস্থা তাতে ফুলবাড়ীকে কাদাপানির শহর বলাটাই মানানসই।

কাদাপানির শহরের সড়ক গুলোর পাশের ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। দোকানের সামনে জলাবদ্ধতা ও কাদাপানির ছড়াছড়িতে বন্ধ প্রায় বেচা-কেনা। বেহাল সড়কে পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তি অন্তহীন। জীবন-জীবিকার তাগিদে প্রতিনিয়তই যে সড়কে সর্বস্তরের জনগণকে ছুটতে হয় সে সড়কগুলোর দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

Share Button