নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

নয়া খবর ডেস্ক:

নড়াইলের নড়াগাতিতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে হাফেজ আব্দুর রহমান নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার সকালে নড়াগাতি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানার নিধিপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

ধর্ষক আব্দুর রহমান উপজেলার নিধিপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও গৃহশিক্ষক ছিলেন। সে খুলনার তেরখাদা উপজেলার পাটগাতী গ্রামের আব্দুল আজিজ ভূইয়ার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, নড়াগাতি থানার নিধিপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম আব্দুর রহমান দীর্ঘদিন ধরে প্রতিদিন ফজরের নামাজের পর মসজিদে মক্তব পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার সকালে মসজিদের পাশে বসবাসকারি ওই শিশুটি অন্য শিশুদের সঙ্গে মক্তবে পড়তে যায়। ইমাম আব্দুর রহমান মক্তবের সবাইকে ছুটি দিয়ে ৬ বছরের ওই শিশুটিকে প্রাইভেট পড়ানোর নাম করে রেখে দেয়। মসজিদ সংলগ্ন ইমামের থাকার ঘরে নিয়ে নানা প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। এরপর শিশুটির হাতে ১০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে কিছু কিনে খেতে বলে এবং ঘটনাটি কাউকে না বলতে নিষেধ করে তাকে বাড়ি পাঠিয়ে দেয়।

ধর্ষিত শিশুটি রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবা ও মাকে জানালে তারা মসজিদে ছুটে যান। কিন্তু ইমামকে না পেয়ে স্থানীয় লোকজনকে জানিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে বৃহস্পতিবার রাতে এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা তাকে আটক করে নড়াগাতি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

শুক্রবার সকালে শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষিতার বাবা বাদী হয়ে আব্দুর রহমানকে আসামি করে নড়াগাতি থানায় মামলা দায়ের করেন।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রোকসানা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দায়েরকৃত মামলায় আব্দুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Share Button