ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ। সামনে পবিত্র ঈদুল ফিতর এর উৎসব। করনাকালীন এই দুঃসময়ে কর্মহীন হয়ে পড়া গরিব অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে থেমে নেই মানবিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।
এরই ধারাবাহিকতায় শনিবার (৮ মে ২০২১) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া ৮০ টি দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন ‘বিপদের বন্ধু সংগঠন’ ফুলবাড়ী, কুড়িগ্রাম। সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, সভাপতি আহমেদ রনি, সহ-সভাপতি রেদোয়ান আহমদ রনি, কার্যকরী সদস্য সাইমন আহমেদ শিহাব, শিক্ষা সম্পাদক মোঃ মেহেদী হাসান সহ কয়েকজন সদস্য ও স্বেচ্ছাসেবক বাড়ি বাড়ি গিয়ে এ উপহার সামগ্রী পৌঁছে দেন।
এসময় সংগঠনের সভাপতি আহমেদ রনি বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য সংগঠন তৈরি করেছি। এবারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটি পরিবারের কাছে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি। অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পেরে খুব ভালো লাগছে। এ সময় কার্যক্রমে যারা সহায়তা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সর্বদাই সেবামূলক কাজে পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।
